বগুড়ায় ১৫১ উপকারভোগীকে চাল না দিয়েই ভুয়া টিপসই ও ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ না করেই ১৫১ জন উপকারভোগীর নামের পাশে ভুয়া টিপসই দেওয়ার অভিযোগে আব্দুর রশিদ (৫৩) নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া বাজার এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটক আব্দুর রশিদ উপজেলার আগবাড়িয়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আব্দুর রশিদের নামে মোট ৭০৭ বস্তা চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে তিনি ৪০০ বস্তা চাল উত্তোলন করেন। অভিযোগ রয়েছে, উত্তোলন করা চালের একটি অংশ উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
অভিযানের সময় ডিলার পয়েন্টে থাকা মাস্টাররোল পরীক্ষা করেন ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। এতে ১৫১ জন উপকারভোগীর নামের পাশে টিপসই দেওয়া দেখা যায়। তবে প্রাথমিক যাচাইয়ে এসব উপকারভোগী চাল পাননি বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। চাল বিতরণ করা হয়েছে দেখাতে মাস্টাররোলে ভুয়া টিপসই দেওয়ার অভিযোগ ওঠে ডিলারের বিরুদ্ধে।
সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে পুলিশ সাবেকপাড়া বাজারের ডিলার পয়েন্টে অভিযান চালায়। পরে আব্দুর রশিদকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বলেন, চাল বিতরণ না করে অগ্রিম জাল টিপসই নেওয়ার অভিযোগে ডিলারকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। উদ্ধার করা চাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। প্রকৃত উপকারভোগীদের মধ্যে এসব চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
গাবতলী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, ভুয়া মাস্টাররোল তৈরি করে চাল আত্মসাতের চেষ্টার অভিযোগে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের ডিলার পদ থাকবে কীনা তা পরবর্তিতে উধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নিবেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালত চাল বিতরণে অনিয়মের অভিযোগে আব্দুর রশিদকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় মামলা দায়ের করা হয়েছে।
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের নিম্নআয়ের পরিবারগুলোকে বর্তমানে প্রতি কেজি ১৫ টাকা দরে চাল দেওয়া হচ্ছে। একজন কার্ডধারী পরিবার মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল কেনার সুযোগ পান। চলতি আগস্ট মাস থেকে দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী পরিবারকে এ কর্মসূচির আওতায় চাল দেওয়া হচ্ছে।


