আইন ও অপরাধ
প্রধান খবর

পূর্বাচল প্লট দুর্নীতি মামলা: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ বছর কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যুক্তরাজ্যের সংসদ সদস্য ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রত্যেক দণ্ডপ্রাপ্তের বিরুদ্ধে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন। একই রায়ে মামলার অন্যান্য আসামিদেরও অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাগুলোতে অভিযোগ আনা হয়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন।

এ ছাড়া মামলায় শেখ রেহানার আরেক মেয়ে ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়।

তদন্তে আরও উঠে আসে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম।

দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল জানান, গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান ও আফনান জান্নাত কেয়া রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ প্রথমে ১৬ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে আরও দুইজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সব পক্ষের যুক্তিতর্ক শুনে আজ এ রায় ঘোষণা করেন আদালত।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button