
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় মাদকবিরোধী অভিযান, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ, পুলিশের ওপর হামলা মামলার পলাতক আসামি এবং ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ পৃথক সাতটি অভিযানে মোট ৯ জনকে গ্রেফতার করেছে এসআরবি-১২, সিপিএসসি।
৮ নভেম্বর এক অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪৩ গ্রাম হেরোইন, দুটি বার্মিজ চাকু, মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ টাকা উদ্ধারসহ এসব গ্রেপ্তারের বিষয়ে জানান কর্মকর্তারা।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া মহানগরের ৪ নম্বর ওয়ার্ডের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযান করা হয়। এ সময় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ শামীম (৬২) ও মোঃ তাজউদ্দীন শেখ ওরফে উজ্জ্বলকে (৪৮) গ্রেফতার করা হয়।
একই দিন রাত সাড়ে ৯টার দিকে চকসূত্রাপুর হাড্ডিপট্টি হরিজন কলোনি এলাকায় পৃথক আরেকটি অভিযান চালানো হয়। এ সময় ৪৩ গ্রাম হেরোইনসহ মোছাঃ হেনা (৪৪) ও মোছাঃ জান্নাতি খাতুনকে (২৬) গ্রেফতার করা হয়। অভিযানে মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড এবং নগদ ৩৫ হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়।
এদিকে, সন্ত্রাসী কর্মকাণ্ড ও এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ৭ নভেম্বর রাতে বগুড়া মহানগরের মাটিডালী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ রিয়াজুল ইসলাম শুভকে (২৭) গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বার্মিজ চাকু, একটি স্মার্টফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়।
একই দিন রাত ৪টা ২০ মিনিটের দিকে পিটিআই মোড় এলাকায় পৃথক অভিযানে মোঃ নাহিয়ান ইসলাম সিয়ামকে (২৬) গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকেও একটি বার্মিজ চাকু, একটি স্মার্টফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়।
অন্যদিকে, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চালায় র্যাব। বগুড়া সদর থানায় গত ২০ অক্টোবর এক মামলায় পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করে গত ৮ নভেম্বর রাত ১টা ২৫ মিনিটে মহানগরের ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আরিফ হোসেনকে (৩২) গ্রেফতার করা হয়।
এরপর একই দিন রাত আনুমনিক সাড়ে ৩টার দিকে উত্তর চেলোপাড়ায় নিজ বাসা থেকে ওই মামলার আরেক পলাতক আসামি মোঃ করুলকে (২৪) গ্রেফতার করা হয়।
এ ছাড়া রাত পৌণে ৪টার দিকে শহরের সাতমাথায় অগ্রণী ব্যাংকের সামনে থেকে ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রাখাল ওরফে আকালুকে (৩৫) গ্রেফতার করা হয়।
বগুড়া র্যাব এর স্কোয়াড্রন লীডার ও কোম্পানী কমান্ডার ফিরোজ আহমেদ জানান, মাদকদ্রব্যসহ গ্রেফতার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা আলামতসহ তাঁদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া অন্যান্য অভিযানে গ্রেফতার পাঁচজনকেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



