
এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন। একদিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হিসাবে এটি চলতি বছরের সর্বোচ্চ সংখ্যা।
রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১ হাজার ১২৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৭২ জন, খুলনায় ৩৩২ জন, বরিশালে ২৩১ জন, রাজশাহীতে ২১৩ জন, ময়মনসিংহে ৭৪ জন, রংপুরে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৫ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জনে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৩ হাজার ৩৮৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬১ জনে।
মাসভিত্তিক মৃত্যুর হিসাবে, নভেম্বরের প্রথম সপ্তাহে ৩৮ জন, অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।
তথ্যসূত্র: চ্যানেল ২৪

