
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র ভাগনি এবং শেখ রেহানা-র মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক-কে গ্রেপ্তারে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল-এর মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর করা এক আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ–এর আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর আদালতে আবেদনটি উপস্থাপন করেন। আবেদনে অভিযোগ করা হয়, টিউলিপ সিদ্দিক তার খালার প্রধানমন্ত্রিত্বের প্রভাব ব্যবহার করে রাজউক–এর এক আইন কর্মকর্তাকে প্রভাবিত করেন এবং ইস্টার্ণ হাউজিং লিমিটেড-এর ফ্ল্যাট বিক্রির অনুমোদন আদায়ে ভূমিকা রাখেন। এতে তিনি ও সংশ্লিষ্টরা অবৈধ আর্থিক সুবিধা পেয়েছেন বলে দাবি দুদকের।
আবেদনে আরও বলা হয়, মামলা দায়েরের আগেই টিউলিপ সিদ্দিক দেশত্যাগ করেছেন এবং বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তদন্তকারী সংস্থার আশঙ্কা, তিনি গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারেন। এ অবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দ্রুত গ্রেপ্তার প্রয়োজন বলে দুদক মনে করে।
আদালত দুদকের আবেদন আমলে নিয়ে রেড নোটিশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করেছে দুদক। এই আদেশের ফলে টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করার উদ্যোগে নতুন মাত্রা যুক্ত হলো।
তথ্যসূত্র: ইত্তেফাক



