আন্তর্জাতিক খবর
প্রধান খবর

ভেনেজুয়েলা ও জাপানে শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়।

প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

এখনও পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। তবে ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের আশঙ্কা রয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর সম্ভাবনা ৪৪ শতাংশ এবং ১ লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রায় ৩০ শতাংশ।

রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। বিভিন্ন ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ উদ্ধারকর্মীদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন।

পরিস্থিতি মোকাবিলায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ ভবন ও ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সম্ভাব্য আফটারশকের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।

জাপানেও শক্তিশালী ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পর জাপানের উত্তর-পূর্বাঞ্চলেও ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ৫১.৭ কিলোমিটার গভীরে।

তবে জাপান সরকার জানিয়েছে, এ ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই এবং তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পারমাণবিক স্থাপনাগুলোতেও কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি নিরাপত্তার স্বার্থে উত্তরাঞ্চলের শিন-আওমোরি থেকে টোকিও পর্যন্ত বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।

ভেনেজুয়েলায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

এই বিভাগের অন্য খবর

Back to top button