
সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন সেই সম্পত্তি ভোগদখল করার অধিকার রেখে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিলে বলা হয়েছে, পিতা-মাতা বা পিতামহ/মাতামহ কর্তৃক সন্তান বা নাতি-নাতনিকে কিংবা বিপরীতক্রমে সম্পত্তি দান করার পরও দাতা নিজে জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন। একইভাবে স্বামী-স্ত্রীর মধ্যেও সম্পত্তি দানের ক্ষেত্রে দাতার জীবদ্দশায় ভোগাধিকার বহাল থাকবে।
দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতা মারা গেলে সম্পত্তির ভোগাধিকার বহাল থাকবে এবং আইন অনুযায়ী ওই সম্পত্তি গ্রহীতার ওয়ারিশদের নিকট স্থানান্তরিত হবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, বিদ্যমান আইনে সম্পত্তি হস্তান্তরের পদ্ধতি সম্পর্কে বিধান থাকলেও দাতার জীবনকাল পর্যন্ত সম্পত্তির ভোগাধিকার সংরক্ষণ করে দান করার বিষয়ে কোনো সুনির্দিষ্ট বিধান নেই।
তিনি বলেন, প্রস্তাবিত জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান হবে সম্পত্তি হস্তান্তরের একটি স্বতন্ত্র পদ্ধতি। এই বিধান সব ধর্মাবলম্বীর ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে।
এছাড়া এর ফলে প্রচলিত সাধারণ দান, মুসলিম আইনের অধীন হেবা বা আইন দ্বারা স্বীকৃত অন্য কোনো প্রকার সম্পত্তি হস্তান্তরের ওপর কোনো প্রভাব পড়বে না কিংবা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে না।
তবে বিলটিকে শরিয়াবিরোধী উল্লেখ করে এর তীব্র আপত্তি জানান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ বিলের ওপর ভোটে অংশ নেয়নি বিরোধী দল। বিল পাসের আগেই সংসদ থেকে ওয়াকআউট করেন তারা।
অন্যদিকে, বাবা-মায়ের সুরক্ষায় বিলটিকে সাধুবাদ জানিয়েছে সরকারি দল। তাদের ভাষ্য, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সামাজিক ও আবাসন নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে নতুন এ আইন।
তথ্যসূত্র: যমুনা টিভি


