
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় ৩৩ বিঘা ফলজ বাগান নিয়ে বিরোধের জেরে মোকসেদ আলী (৩৮) নামে এক ব্যক্তিকে গুলি ও ছুরিকাঘাতে আহত করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বগুড়া মহানগরের ১৭ নম্বর ওয়ার্ডের মাটিডালি কাতলাপাড়া এলাকায় জারা কার হাউজের সামনে এ ঘটনা ঘটে।
আহত মোকসেদ আলী বগুড়া মহানগরের মাটিডালি উত্তরপাড়ার হায়দার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩৩ বিঘা ফলজ বাগান নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে পিস্তল দিয়ে গুলি করার পাশাপাশি ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন-বগুড়া উত্তর চেলোপাড়ার আজাদ বেপারীর ছেলে মো: নাজমুল হুদা রাফিত (২১) এবং নিশিন্দারা চকরপাড়ার বাদল আকন্দের ছেলে মো: হাছান আকন্দ (২৪)। তারা উভয়েই বগুড়া জেলার বাসিন্দা।
বগুড়া গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানিয়েছে, এ ঘটনায় গতকাল সন্ধ্যায় মামলা হওয়ার পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


