
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত এ রোগে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে ডেঙ্গুতে আরও একজনের প্রাণহানি হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সবচেয়ে বেশি ৩৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা বিভাগে ৩১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৮ জন, বরিশাল বিভাগে ১৩৭ জন, রাজশাহী বিভাগে ১১২ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন, রংপুর বিভাগে ৫৬ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সব মিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১১৭ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৬২ জন মারা গেছেন। এ ছাড়া খুলনা বিভাগে ১৯ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪