বগুড়া শহরের মালগ্রামে ছুরিকাঘাতে এক যুবক নিহত

বগুড়া শহরের মালগ্রামে ছুরিকাঘাতে জুবাইর(২০) নামের যুবকে নিহত হয়েছেন। রোববার রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহত জুবাইর সদর থানাধীন মালগ্রাম দক্ষিনপাড়ার টুলুর পুত্র।
এ ঘটনায় সাব্বির নামের আরেকজন ছুরিকাঘাতে আহত হয়ে শহীদ জিয়াউর রহমান কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সাবেক মেম্বার বাদশা মিয়ার বাড়ির সামনে রাস্তার উপরে সাব্বির ও জুবাইর এর মধ্যে মারামারি সংঘটিত হয়। এতে উভয়ই একে অপরের ছুরিকাঘাতে আহত হলে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শজিমেক হাসপাতালে সাব্বিরকে রাত ৯টা ২০ মিনিটে এবং জুবাইরকে পৌণে ১১টার দিকে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় জুবাইরের মৃত্যু হয়।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, সাব্বির ও জুবাইর গত মাসেও চাকু নিয়ে মারামারিতে লিপ্ত হয়েছিল। সেই রেশ ধরেই হয়তো আজকেও তারা মারামারিতে লিপ্ত হয় এবং একে অপরকে ছুরিকাঘাত করে। পরে জুবাইর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। তদন্ত করে এর সাথে জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে।


