
হাম ও এর উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। এ সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৬২৩।
এদিকে, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তথ্যসূত্র: যমুনা টিভি


