টিপু ও প্রীতি হত্যাকারী আকাশ বগুড়া থেকে গ্রেফতার

বগুড়া থেকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু (৫০) ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতি (২২) হত্যায় অভিযুক্ত মাসুম মোহাম্মদ আকাশকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টায় ছিল আকাশ। তবে পুলিশি তৎপরতায় বগুড়া থেকে গ্রেফতার করা হয় তাকে।
গ্রেফতার আকাশের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলার কাইশকানি এলাকায়। তার বাবা মোবারক হোসেন একজন স্কুল শিক্ষক।
রবিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার এক সংবাদ সম্মেলনে জানান, এই মাসুম মোহাম্মদ আকাশই সেদিন শাহজাহানপুরে যানজটে আটকে থাকা টিপুকে গুলি করে। ঘটনার আগেরদিনও সে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও অস্ত্র নিয়ে টিপুর অফিসের সামনে অবস্থান নিয়েছিল। এসময় তার সঙ্গে থাকা অপর সঙ্গীর নাম জানতে পারলেও তদন্তের স্বার্থে প্রেস ব্রিফিংয়ে তা বলা হয়নি।
অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, হত্যার পরদিন খুনিকে একটি গ্রুপ দেশের উত্তরাঞ্চলীয় জেলা জয়পুরহাহাটে পৌঁছে দেয়। তারা ঢাকায় চলে আসে। পুলিশ এই গ্রুপটিকে আটক করে হেফাজতে নেয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে শাহজাহানপুর রেলগেটের পাশে জ্যামে আটকে থাকা প্রাইভেটকারে মতিঝিল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে বেশ কয়েক রাউন্ড গুলি করে এক দুর্বৃত্ত। এতে টিপু ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় পাশে রিকশায় বসে থাকা বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতির গায়েও গুলি বিদ্ধ হলে মারা যান।
এ ঘটনায় টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ড নারী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি হত্যা মামলা দায়ের করেন।
এসএ



