বগুড়ায় রিকশা থামিয়ে নারীকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেক: বগুড়ায় অচেনা এক যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জেসমিন আরা নামে এক নারী।
আজ রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। এর আগে, শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে শহরের মালগ্রাম ডাবতলা এলাকায় ছুরিকাঘাতের শিকার হন তিনি।
জেসমিন আরা বগুড়ার আদমদীঘি উপজেলার বাসিন্দা। তার স্বামীর নাম আব্দুল হাই। তবে জেসমিন বগুড়া শহরের জামিলনগর এলাকায় ভাড়াবাসাতে বসবাস করেন। তিনি বগুড়া শহরের স্থানীয় এক ক্নিনিকে চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করেন।
এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মোস্তাফিজুর রহমান।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, রাতে রিকশাযোগে কর্মস্থল থেকে এক সহকর্মীর সঙ্গে ভাড়াবাসাতে ফিরছিলেন জেসমিন। পথে আরেক রিকশা তাদের সামনে দাঁড়ায়। ওই সময় সেই রিকশা থেকে অচেনা এক যুবক নেমে জেসমিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
আহত জেসমিনের বরাত দিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, স্বামীর সঙ্গে জেসমিনের পারিবারিক কলহ চলছে। জেসমিনের ধারণা তার স্বামীই ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে তার ওপর এ হামলা চালিয়েছেন।
পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর আরও বলেন, অজ্ঞাত ওই যুবককে শনাক্তের চেষ্টা চলছে। হামলার আসল কারণ তদন্ত শেষে জানা যাবে।




