দাম্পত্য জীবনে ঝগড়া এড়ানোর উপায়

ছবি: সংগৃহীত
দাম্পত্য জীবনে মতের অমিল স্বাভাবিক। তবে ছোটখাটো বিরোধ বারবার ঝগড়ায় রূপ নিলে সম্পর্কের মধুরতা নষ্ট হয়। কয়েকটি সহজ কৌশল মানলে এ সমস্যার সমাধান সম্ভব, আর সম্পর্কও হবে আরও গভীর।
শোনার অভ্যাস গড়ে তুলুন
ঝগড়ার অন্যতম কারণ হলো না শোনা। সঙ্গীর কথা শেষ হওয়ার আগে পাল্টা উত্তর না দিয়ে মনোযোগ দিয়ে শুনুন। এতে তিনি বুঝবেন, তার অনুভূতিকে আপনি গুরুত্ব দিচ্ছেন।
সময় ও পরিবেশ বেছে নিন
গুরুত্বপূর্ণ আলোচনা শান্ত পরিবেশেই ভালো হয়। ক্ষুধার্ত, ক্লান্ত বা মানসিক চাপের সময় সংবেদনশীল বিষয় না তোলাই শ্রেয়।
দোষারোপ নয়, অনুভূতি প্রকাশ করুন
“তুমি সব সময় ভুল করো” বললে তর্ক বাড়ে। বরং বলুন, “তোমার এ কথায় আমি কষ্ট পেয়েছি।” এতে অভিযোগের বদলে সমাধানের পথ খোলে।
ছোট বিষয়ে ছাড় দিন
প্রতিটি বিষয়ে জেতার প্রয়োজন নেই। কোনটা জরুরি আর কোনটা এড়িয়ে যাওয়া যায়—এই বোধ সম্পর্ককে মজবুত করে। ছোটখাটো বিষয়ে সঙ্গীকে জিততে দেওয়া দুর্বলতা নয়, বরং পরিপক্বতার লক্ষণ।
আলাপের নিয়ম ঠিক করুন
রাগ হলে কয়েক মিনিট নীরব থাকা, উঁচু গলায় কথা না বলা বা পুরোনো ঘটনা না টানা—এমন নিয়ম মানলে ঝগড়া কমে যায়।
সময় দিন, ভালোবাসা দেখান
একসঙ্গে হাঁটাহাঁটি, রান্না করা বা চা খাওয়ার মতো ছোট ছোট মুহূর্ত সম্পর্ককে উষ্ণ করে তোলে। ভালোবাসা ও নিরাপত্তার অনুভূতি থাকলে অকারণ রাগও কমে।
মতভেদ আসবেই, তবে সম্মান, ধৈর্য আর বোঝাপড়াই দাম্পত্য জীবনে ঝগড়া ঠেকানোর মূল চাবিকাঠি। হৃদয়ের আলাপই সম্পর্ককে টিকিয়ে রাখে।



