একজনের নামে কয়টি সিম থাকবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনের আগে একজনের নামে রেজিস্ট্রেশনকৃত সিমকার্ডের সংখ্যা কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, বর্তমানে একজন ব্যক্তির সর্বোচ্চ সাতটি সিম থাকার অনুমতি থাকলেও তা ধীরে ধীরে কমিয়ে আনা হবে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৫তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একজনের নামে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধ করছে—এমন ঘটনা ঘটছে বারবার। এতে প্রকৃত অপরাধী অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তাই নির্বাচনের আগেই ব্যক্তি পর্যায়ে সিমের সংখ্যা কমিয়ে আনা হবে।”
তিনি আরও বলেন, “সব সিম একসঙ্গে কমানো সম্ভব নয়, তাই ধাপে ধাপে প্রক্রিয়ার মাধ্যমে কমানো হবে। অনেক সময় দেখা যায়, একজন সিম রেজিস্ট্রেশন করতে গিয়ে তার হাতের ছাপ ব্যবহার করে অন্যরা একাধিক সিম তুলে নেয়। পরে এসব সিম দিয়ে অপরাধ সংঘটিত হয়, অথচ দোষ গিয়ে পড়ে নির্দোষ ব্যক্তির ওপর।”
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নির্বাচনের আগে একজনের নামে রেজিস্ট্রেশন করা সিমের সংখ্যা সাতটিতে সীমিত করা হবে এবং নির্বাচনের পর তা আরও কমিয়ে পাঁচটিতে আনার পরিকল্পনা রয়েছে। “আমাদের লক্ষ্য ব্যক্তিপর্যায়ে সিম নিবন্ধন ধীরে ধীরে কমিয়ে আনা—প্রয়োজনে এটাকে দুইটিতেও নামিয়ে আনব,” বলেন তিনি।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: যুগান্তর