‘জুলাই আন্দোলনে আদালতে অভিযোগ- প্রমাণ মেলেনি ৫৬% মামলার’

এ প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই আন্দোলনের প্রেক্ষিতে আদালতে করা মামলার একটা বড় অংশই ভুয়া।
উদাহরণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজধানীর মিরপুর ইসিবি চত্বরে হামলার অভিযোগে আড়াই শাে আসামির বিরুদ্ধে দায়ের করা একটি মামলার বাদী মো. আব্দুল আজিজ ও সাক্ষীদের অস্তিত্ব খুঁজে পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই জানায়, এখন পর্যন্ত তদন্ত করা মামলাগুলোর ৫৬ শতাংশেরই অভিযোগের প্রমাণ না থাকায় ফাইনাল রিপোর্ট দিতে হয়েছে।
বাকি ৪৪ শতাংশ মামলায় চার্জশিট দেওয়া হলেও সেখানকার বহু আসামিও প্রকৃত নয় বলে পিবিআই জানিয়েছে। কিছু বাদী নিজেদের অভিযোগও প্রত্যাহার করেছেন।
পিবিআই প্রধান মোস্তফা কামাল বলেছেন, ঢাকার ঘটনার মামলায় চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল ও কুমিল্লার এমন মানুষকে আসামি করা হয়েছে, যারা কখনো ঢাকায়ই আসেননি। সম্পৃক্ততা ছাড়া কাউকে আসামি করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।
আইনজ্ঞদের মতে, মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব।
তথ্যসূত্র: যুগান্তর



