জাতীয়
প্রধান খবর

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দুর্দান্ত সাফল্য, জিতেছে ১১ পদক

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশের শিক্ষার্থীরা ১টি স্বর্ণ, ৬টি ব্রোঞ্জ ও ৪টি কারিগরি পদকসহ মোট ১১টি পদক জিতে নেয়। এই অর্জন রোবোটিক্স ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনে বাংলাদেশের অগ্রগতির স্পষ্ট চিত্র তুলে ধরেছে।

গত ১৭ থেকে ২০ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের মান্ত্রা সাউথপোর্ট শার্ক কনভেনশন সেন্টারে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রোববার (২১ ডিসেম্বর) সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতার ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক অর্জন করেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু। বিভিন্ন ক্যাটাগরিতে ছয়টি ব্রোঞ্জ পদক অর্জন করেন নুসাইবা তাজরিন তানিশা, জুবাইদাহ জাফরিন, রিদোয়ান রাব্বানী, খোন্দকার মুশফিকুল ইসলাম ও প্রিয়ন্তী দাসসহ একাধিক শিক্ষার্থী। পাশাপাশি চারটি কারিগরি পদকও অর্জন করে বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু সাঈদ।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও আইসিটি অধিদপ্তর সার্বিক পৃষ্ঠপোষকতা দেয়। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে জাতীয় পর্যায়ের বাছাই শেষে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ১০ সদস্যের দল এবারের আসরে অংশ নেয়।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বাংলাদেশ নিয়মিত আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। গত আট বছরে দেশটি ১৫টি স্বর্ণসহ মোট ৯৪টি পদক অর্জন করেছে।

তথ্যসূত্র: বণিক বার্তা

এই বিভাগের অন্য খবর

Back to top button