জাতীয়
প্রধান খবর

নির্বাচনের আগে বৈধ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ, ৩১ জানুয়ারি পর্যন্ত সময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সাধারণ নাগরিকদের কাছে থাকা সব বৈধ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত রবিবার (১৮ জানুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারির মধ্যে লাইসেন্সধারীদের নিজ নিজ নিকটস্থ থানায় আগ্নেয়াস্ত্র জমা দিতে হবে।

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অস্ত্র বহন নিষিদ্ধ

নির্বাচন কমিশনের তফসিল অনুসরণে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের জন্য অস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন-

  • বৈধভাবে মনোনয়নপত্র দাখিলকারী ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী,
  • এবং তাঁদের জন্য অনুমোদিত সশস্ত্র দেহরক্ষীরা (রিটেইনার)।

নিজ নিজ নিরাপত্তার স্বার্থে তারা অস্ত্র বহন করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য দেশের সব পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

১২ ফেব্রুয়ারি ভোট ও গণভোট

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার এই প্রথাগত কিন্তু কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তথ্যসূত্র: জনকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button