জাতীয়
প্রধান খবর

প্রধানমন্ত্রীর নতুন বাসভবন গণভবনের পাশেই, নকশা প্রণয়নের কাজ শুরু

প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন নির্মাণের লক্ষ্যে প্রাথমিকভাবে একটি জায়গা চূড়ান্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। শেরেবাংলানগরে গণভবনের পাশেই এই নতুন বাসভবন নির্মাণ করা হবে। ইতোমধ্যে এর নকশা প্রণয়নের কাজ শুরু করেছে স্থাপত্য অধিদপ্তর।

গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায়, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর চূড়ান্ত মতামত নিয়ে বাসভবন নির্মাণের কাজ শুরু করতে চায় তারা। তবে পুরো প্রকল্প সম্পন্ন হতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।

এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর অস্থায়ী বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ অথবা সংসদ ভবনসংলগ্ন স্পিকারের বাসভবন ব্যবহারের পরিকল্পনা রাখা হয়েছে। কোনটি ব্যবহৃত হবে, তা নির্ভর করবে হবু প্রধানমন্ত্রীর পছন্দের ওপর। প্রয়োজনে স্পিকারের বাসভবনের সঙ্গে লাগোয়া ডেপুটি স্পিকারের বাসভবনও যুক্ত করা হতে পারে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরই নতুন প্রধানমন্ত্রী শপথ নেবেন। এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে শেরেবাংলানগরের গণভবন ব্যবহৃত হয়ে আসছিল। তবে জুলাই অভ্যুত্থানের পর গণভবন ধ্বংসস্তূপে পরিণত হয়

বর্তমানে অন্তর্বর্তী সরকার গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাদুঘর তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।

এদিকে, প্রধানমন্ত্রীর নতুন বাসভবন সংসদ ভবন কমপ্লেক্সের নিকটবর্তী এলাকায় নির্মিত হওয়ায়, মূল স্থাপত্য নকশায় কোনো ব্যত্যয় ঘটবে কি না-এ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে স্থাপত্য অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

তথ্যসূত্র: জনকণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button