
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) এ ফল প্রকাশ করা হয়। এতে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের মোট ১৪ হাজার ৩৮৫টি পদে নিয়োগের তালিকা চূড়ান্ত করা হয়েছে।
এর আগে গত ২১ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ওই ফলাফলে সারা দেশ থেকে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। একই সঙ্গে জেলা ভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়।
লিখিত পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম জেলা থেকে সর্বাধিক ২ হাজার ৮০৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। এরপর কুমিল্লা জেলা থেকে ২ হাজার ৫৬৪ জন, কুড়িগ্রাম থেকে ২ হাজার ৪৬০ জন, দিনাজপুর থেকে ২ হাজার ৪২১ জন, গাইবান্ধা থেকে ২ হাজার ২৯৫ জন, সিরাজগঞ্জ থেকে ২ হাজার ১২৩ জন এবং সুনামগঞ্জ জেলা থেকে ২ হাজার ৬০ জন প্রার্থী নির্বাচিত হন।
প্রসঙ্গত, গত বছরের ৫ ও ১২ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে তিন পার্বত্য জেলা ছাড়া দেশের ৬১টি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৯ জানুয়ারি একযোগে ১ হাজার ৪০৮টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়।
এই নিয়োগ প্রক্রিয়ায় ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে আবেদন জমা পড়ে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি। এর মধ্যে ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। দীর্ঘ এই প্রক্রিয়া শেষে প্রকাশিত চূড়ান্ত ফলের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সহকারী শিক্ষক নিয়োগের পথ সুগম হলো।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



