
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর উপস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-য় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এনসিপি এই সনদে স্বাক্ষর করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজ সেই বিশ্বাস পূর্ণতা পেয়েছে। জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেলো-এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।” তিনি আরও বলেন, দলিলটি যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
নাহিদ ইসলাম বলেন, “আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ গ্রহণ করবেন। আমরা একই সঙ্গে দুটি শপথ গ্রহণ করতে যাচ্ছি। দেশের মানুষ যে আস্থা রেখেছে, আমরা তা বাস্তবায়ন করবো।” তিনি আরও জানান, জুলাই সনদে শেষ স্বাক্ষর করলেও বাস্তবায়নে এনসিপি সর্বোচ্চ তৎপরতা দেখিয়েছে।
এনসিপির প্রতিনিধিদলে আরও ছিলেন মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।
জুলাই জাতীয় সনদে এনসিপির স্বাক্ষর সম্পন্ন হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন সংসদের সদস্যরা শপথ গ্রহণের পথ সুগম হলো।
তথ্যসূত্র: ইত্তেফাক



