
বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন করে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা শেষে সুপারিশ অনুযায়ী বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বিষয়টি তাদের নির্বাচনী ইশতেহারেও অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি বলেন, “আমাদের বার্তা পরিষ্কার-চেইন অব কমান্ড বজায় রাখতে হবে।” নির্বাচনের আগে দেশে লটারির মাধ্যমে ওসি-এসপি নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, এতে অনেক ক্ষেত্রে অযোগ্য বা অনুপযুক্ত স্থানে কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। সার্ভিস রেকর্ড বিবেচনায় নিয়োগ দেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। এ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে তা পর্যালোচনার কথা জানান।
মন্ত্রী আরও বলেন, গত ৫ আগস্টের পর দায়ের হওয়া বেশ কিছু মামলায় সুবিধাবাদী গোষ্ঠী সাধারণ মানুষকে হয়রানির উদ্দেশ্যে জড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব মামলা যাচাই-বাছাই করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এ কাজ পুলিশই করবে।
তিনি স্পষ্ট করেন, পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না। তবে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, যাতে কোনো নাগরিক হয়রানির শিকার না হন। রাজনৈতিক কারণে বিধির বাইরে পুলিশ সুপারদের কাউকে প্রোটোকল না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: ইত্তেফাক



