জাতীয়
প্রধান খবর

আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকারের বিশেষ পদক্ষেপ: হাফিজ উদ্দিন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

সোমবার (২ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

মন্ত্রী জানান, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে ব্রিফ করা হয়েছে। জুলাইয়ের যোদ্ধাদের কল্যাণের বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন এবং জানতে চেয়েছেন এখন পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আহতদের ক, খ ও গ-এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। গুরুতরতার ভিত্তিতে মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে। ক শ্রেণির জন্য প্রায় ২০ হাজার টাকা, খ শ্রেণির জন্য ১৫ হাজার টাকা এবং গ শ্রেণির জন্য নির্ধারিত হারে ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, জুলাইয়ের সংগ্রামে আহত ও শহীদ পরিবারগুলোর কল্যাণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-এর অধীনে ‘জুলাই গণঅভ্যুত্থান পরিদপ্তর’ গঠন করা হয়েছে। এই পরিদপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও কল্যাণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।

যেসব শহীদ পরিবারের সন্তান স্কুল থেকে ঝরে পড়েছে, তাদের শিক্ষাভাতার মাধ্যমে আবার পড়াশোনায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। যারা হাত-পা হারিয়েছেন বা কর্মক্ষমতা হারিয়েছেন, তাদের জন্য ছোট ব্যবসার সুযোগ তৈরির বিষয়েও আলোচনা চলছে। পুনর্বাসনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সহ বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রকল্প নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মুক্তিযোদ্ধাদের তালিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় এক লাখ, যা পরে আড়াই লাখে পৌঁছেছে। এর মধ্যে বিপুলসংখ্যক ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছে। অতীতে ১৬ জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হওয়ায় তাদের ভাতা বাতিল করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করছে। ইতোমধ্যে ৩০০ ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে।

ভুয়া মুক্তিযোদ্ধারা অন্যায়ভাবে যে আর্থিক সুবিধা নিয়েছেন, তা পুনরুদ্ধারের উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

সূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button