জাতীয়
প্রধান খবর

কাল থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। নিবন্ধন চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। হজে যেতে আগ্রহীদের এ সময়ের মধ্যেই প্রাথমিক নিবন্ধন শেষ করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২৬ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

যেভাবে নিবন্ধন করবেন

সরকারি ও বেসরকারি-উভয় মাধ্যমেই সাড়ে ৩ লাখ টাকা জমা দিয়ে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে। প্রাথমিক নিবন্ধিত ব্যক্তিদের চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাথমিক নিবন্ধনের আগে হজযাত্রীদের আবশ্যিকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে।

সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেমের ওয়েবসাইট hajj.gov.bd-তে ইউজার অ্যাকাউন্ট তৈরি করে নিজেই নিবন্ধন করা যাবে। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম অফিস এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে।

সরকারি মাধ্যমে হজে যেতে ইচ্ছুকদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে।

অন্যদিকে, বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।

হজে যেতে পারবেন না যারা

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ বছরের কম বয়সি কেউ হজে যেতে পারবেন না।

এছাড়া হৃদ্যন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি, স্নায়বিক বা মানসিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি, ডিমেনশিয়া রোগী এবং কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যানসার আক্রান্ত রোগীরা হজে যেতে পারবেন না।

জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে এমন সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। এর মধ্যে যক্ষ্মা ও হেমোরেজিক ফিভার উল্লেখযোগ্য।

এছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা কোনো নারী হজযাত্রী ফিটনেস সনদ পাবেন না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিবন্ধনের সময় যা লাগবে

হজের প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের আবশ্যিকভাবে প্রশিক্ষণ গ্রহণের জেলা, টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে।

এছাড়া হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button