জাতীয়
প্রধান খবর

মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেশজুড়ে জরুরি নির্দেশনা জারি!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হওয়ায় বাংলাদেশেও এর প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বুধবার (৪ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এ জরুরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-এর সভাপতিত্বে সভায় জানানো হয়, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার কারণে দেশে বিদ্যুৎ ও সার উৎপাদন ব্যাহত হতে পারে। তবে পবিত্র রমজানে জনদুর্ভোগ এড়াতে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা:

  • ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহার
  • অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার
  • এসি ব্যবহারে পরিমিতিবোধ
  • অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখা

কঠোর নজরদারি:
জ্বালানি পাচার ও কালোবাজারি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খোলাবাজারে ড্রাম বা বোতলে ডিজেল-পেট্রল বিক্রি বন্ধে পুলিশ ও জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আমদানি অনিশ্চিত হয়ে পড়ায় অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সাময়িকভাবে জ্বালানি সরবরাহে কাটছাঁট বা সমন্বয় করা হতে পারে, ফলে বিদ্যুৎ উৎপাদনে কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প আন্তর্জাতিক বাজার থেকেও তেল আমদানির চেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

সরকার বৈশ্বিক এই সংকট মোকাবিলায় জনগণের ধৈর্য ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button