
সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক দায়িত্ব পালনকালে বাইরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে তার লাইসেন্স স্থগিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ ক্ষেত্রে ব্যবস্থা নেবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি ওষুধ যেন সাধারণ মানুষ পায় এবং কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে সারাদেশে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।
তিনি আরও জানান, স্বাস্থ্যসেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে এক লাখ জনবল নিয়োগ দেবে সরকার। এসব নিয়োগের মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবেন।
এদিকে শরীয়তপুরে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. রাজেশ মজুমদার গত ৪ মার্চ নির্ধারিত সময়ে কর্মস্থলে না থেকে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছিলেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরে তিনি ফোন করে স্বাস্থ্যমন্ত্রীকে বিষয়টি জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় ডা. রাজেশ মজুমদারকে কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না-সে বিষয়ে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পাশাপাশি ছয় মাসের জন্য ওই চিকিৎসকের লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্যসেবা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: যমুনা টিভি



