
নির্বাচিত নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক মাস না পেরোতেই মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত এবং এতে যুক্ত যুক্তরাষ্ট্র-এর সামরিক অভিযানের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতিতে। এর নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতেও। ইতোমধ্যে দেশে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে এবং সরকারের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ছাড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ধীরে চলো নীতি গ্রহণ করছে সরকার। বিষয়টি নিয়ে আসন্ন সংসদ অধিবেশনে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে। এরপর অনুষ্ঠিত হবে বাজেট অধিবেশন। এরই মধ্যে সংসদের কার্যপ্রণালি প্রণয়নের প্রস্তুতিও চলছে।
অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্বে নতুন পে-স্কেল বাস্তবায়নের কথা বললেও বর্তমান আর্থিক পরিস্থিতিতে তা ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। একসঙ্গে পুরো কাঠামো বাস্তবায়ন এখনই সম্ভব নয় বলে মনে করছে সরকার।
এদিকে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর চেয়ারম্যান এবং পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান। যদিও আনুষ্ঠানিক সূচিতে তাকে পিকেএসএফ চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছিল, বৈঠকে পে কমিশনের সুপারিশ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এর আগে গণমাধ্যমকে জানিয়েছিলেন, পে-স্কেলের সুপারিশ আগে বিস্তারিতভাবে পর্যালোচনা করতে হবে। তিনি বলেন, “মোট ব্যয় কত হবে এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব—এসব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।”
সূত্র জানায়, আগামী অর্থবছর ২০২৬–২৭-এ প্রস্তাবিত নবম পে-স্কেল বাস্তবায়নের কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা কতটা সম্ভব হবে, তা এখনো নিশ্চিত নয়। মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি এবং মধ্যপ্রাচ্য সংকটের কারণে অর্থনৈতিক চাপ বাড়ছে। তবে সরকারি চাকরিজীবীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ুক-এমন পরিস্থিতিও তৈরি করতে চায় না সরকার।
উল্লেখ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই ২১ সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়। এর প্রধান করা হয় সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান-কে। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল এবং চলতি বছরের ২১ জানুয়ারি তারা তাদের সুপারিশ সরকারকে জমা দেয়।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন



