
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১২ শিশু। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৮ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ শিশু।
সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৬৩ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ৩৩৮ শিশু।
এ সময়ে ১ হাজার ২৬০ শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১২৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩৭৪ জনের।
এ সময়ে মোট ২ লাখ ৩৩ হাজার ২৫৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
তথ্যসূত্র: যমুনা টিভি

