
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন আবেদন করার ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক (আঙুলের ছাপ ও চোখের আইরিস) তথ্য না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আবেদন বাতিল হলেও পরবর্তী সময়ে নতুন করে আবেদন করার সুযোগ থাকবে।
গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব জানান, দীর্ঘদিন ধরে অনেক আবেদনকারী বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় তাঁদের আবেদন অনিষ্পন্ন অবস্থায় পড়ে থাকছে। এতে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বাড়লেও দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে সমন্বয় কমিটির বৈঠকে বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য ছয় মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দেওয়ায় কারও আবেদন বাতিল হলে এনআইডি পাওয়ার সুযোগ স্থায়ীভাবে বন্ধ হবে না। সংশ্লিষ্ট ব্যক্তি পরবর্তী সময়ে নতুন করে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন আখতার আহমেদ।
তিনি বলেন, ‘কাউকে অনির্দিষ্টকাল আবেদন পেন্ডিং (অনিষ্পন্ন) অবস্থায় রাখার সুযোগ নেই। তাই বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন।’
এনআইডি আবেদন প্রক্রিয়া ও সংশোধন আবেদনের পরিসংখ্যান
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম বাসসকে জানান, অনলাইনে এনআইডির আবেদন করার পর আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার জন্য এসএমএস পাঠানো হয় অথবা ডেকে পাঠানো হয়। তবে কেউ সাড়া না দিলে এবং ছয় মাসের মধ্যে বায়োমেট্রিক তথ্য সম্পন্ন না করলে তাঁর আবেদন বাতিল বলে গণ্য হবে।
তিনি আরও বলেন, কোনো আবেদন বছরের পর বছর অনিষ্পন্ন অবস্থায় রাখা সম্ভব নয়। তবে আবেদন বাতিল হলেও পরবর্তী সময়ে নতুন করে আবেদনের সুযোগ থাকছে।
এদিকে, এনআইডি সংশোধন আবেদনের সর্বশেষ পরিসংখ্যান তুলে ধরে মো. সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত নির্বাচন কমিশনে মোট ৬৫ লাখ ১৫ হাজার ৮৪২টি এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৭৪টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বাকি সব আবেদন ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে।
তথ্যসূত্র: আজকের পত্রিকা

