জাতীয়
প্রধান খবর

এবার বিয়ে বাড়ির গহনা বহনেও নিরাপত্তা দেবে পুলিশ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনে সহযোগিতার পর এবার বিয়ে বাড়ির গহনা বহনেও নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

ঈদের সময় কেউ থানায় স্বর্ণালংকার জমা রেখেছেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা আমরা জানি না। আমরা জনগণকে আহ্বান জানিয়েছিলাম যে, ঈদের সময় থানায় স্বর্ণালংকার ও মূল্যবান জিনিস রাখতে পারবেন। চাইলে ব্যাংকের ভল্টেও রাখতে পারেন। বিশেষ করে টাকা বা মূল্যবান গহনা পরিবহনের ক্ষেত্রে আমরা নিরাপত্তা দেব।”

তিনি আরও বলেন, ঈদের পর বিভিন্ন স্থানে বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে। কেউ যদি হোটেল বা কমিউনিটি সেন্টার থেকে বাড়ি পর্যন্ত গহনা নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা চান, তাহলে নিকটবর্তী থানায় জানালে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা দেবে।

ডিবি প্রধান জানান, রাজধানীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু পুলিশ সদস্য ঈদের ছুটিতে থাকলেও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, পুলিশ কমিশনার ঈদের তিন দিন আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শুরু করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত তদারকি করা হচ্ছে।

মো. শফিকুল ইসলাম আরও বলেন, “আমরা প্রত্যেকটি পয়েন্টে পরিদর্শন করে দেখেছি আমাদের ফোর্স রয়েছে কি না। ঈদের সময় বড় কোনো ঘটনা ঘটেনি। আমরা ভালোভাবে পরিস্থিতি সামাল দিতে পেরেছি এবং সামনে দিনগুলোও ভালোভাবে পার করতে পারব বলে আশা করছি।”

সূত্র: বার্তা বাজার

এই বিভাগের অন্য খবর

Back to top button