
তিনদিনের মধ্যেই হারারের একমাত্র টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৮৫ রানে হারিয়ে ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে ইনিংস ব্যবধানে জয়ের কীর্তি গড়েছে তারা। গত বছরের অক্টোবরে আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারানোর পর এবার সেই ধারাবাহিকতা ধরে রাখল স্বাগতিকরা। এটি তাদের টেস্ট ইতিহাসের অন্যতম বড় জয়। এছাড়া জিম্বাবুয়ের মাটিতে ২৫ বছর পর ইনিংস ব্যবধানে হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। সর্বশেষ এমন পরাজয় এসেছিল ২০০১ সালে।
ম্যাচের প্রথম দিনেই জয়ের ভিত গড়ে ফেলে জিম্বাবুয়ে। তাদের পেসারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর ইনোসেন্ট কাইয়ার দুর্দান্ত সেঞ্চুরিতে দ্রুতই সেই রান পেরিয়ে যায় স্বাগতিকরা।
কাইয়া খেলেন ১৪০ রানের ম্যাচজয়ী ইনিংস এবং ম্যাচসেরাও নির্বাচিত হন। এছাড়া ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন ও ব্রায়ান বেনেটের অর্ধশতকে প্রথম ইনিংসে ৪১০ রান তোলে জিম্বাবুয়ে। বাংলাদেশের চেয়ে ২৭০ রানের বিশাল লিডই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
দ্বিতীয় ইনিংসেও ব্লেসিং মুজারাবানি ও অন্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। ১৮৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারে সফরকারীরা।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩৪ রান করেন মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৩০ রান এবং অভিষিক্ত অমিত হাসানের ব্যাট থেকে আসে ২৫ রান।
জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ৬৫ রানে ৪টি উইকেট নেন। রিচার্ড এনগারাভা ৩২ রানে ৩টি এবং নিউম্যান নিয়ামহুরি ২টি উইকেট শিকার করেন।