
আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে কোনো ‘ইফস, অ্যান্ড, বাটস’ নেই। তাই যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদও বাতিল হবে, তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ থাকা না থাকার ওপর গণভোট বাতিল হওয়া বা না হওয়ার বিষয়টি নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় এবং কার্যকরী।
মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় আইন ও গুম কমিশন বাতিল হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, এগুলোর কোনোটি বাতিলের খাতায় নেই। পরবর্তীতে যাচাই-বাছাই করে নতুন বিল আকারে আবারও এগুলো আনা হতে পারে।
জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী বলেন, এতদিন সরকার নরম অবস্থানে ছিল। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুদদারির বিরুদ্ধে সেকশন ২৫-এ শাস্তির বিধান রয়েছে। প্রয়োজনে সেই আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রয়োগ করা হতে পারে।
তিনি প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কালোবাজারি বা মজুদদারির সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের তদবির গ্রহণযোগ্য হবে না।
আইনমন্ত্রী আরও বলেন, কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তাকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই কালোবাজারি ও মজুদদারি বন্ধ করা হবে।
সূত্র: কালের কণ্ঠ



