
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন শুরুতে আর কোনো বড় বাধা রইল না।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জ্বালানি লোডিং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি স্থাপন করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে কমিশনিং লাইসেন্স হস্তান্তর করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলামের কাছে।
আগামী এপ্রিলের শেষ সপ্তাহে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে জানানো হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ফুয়েল লোডিং শুরুর প্রায় তিন মাসের মধ্যেই এই ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কাজ সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিটকে পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তথ্যসূত্র: যমুনা টিভি



