
দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার, যা আজ রবিবার থেকেই কার্যকর হয়েছে। জ্বালানির নতুন মূল্য ঘোষণার পরদিনই বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর আবেদন করেছে সংশ্লিষ্ট পরিবহন মালিকপক্ষ।
বাস মালিক সমিতির দেওয়া একটি খসড়া প্রস্তাবের ভিত্তিতে আজ সন্ধ্যায় ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নতুন ভাড়া নিয়ে আলোচনা হবে।
পরিবহন মালিক সমিতির প্রস্তাব অনুযায়ী, ঢাকা, চট্টগ্রামসহ মহানগরীগুলোতে বাস ভাড়া ৬৪ শতাংশ বাড়ানোর দাবি তোলা হবে। আর দূরপাল্লার বাসে ৩৭ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
অন্যদিকে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন (যাপ) সংস্থা।
প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটারের কম ও বেশি-উভয় দূরত্বেই প্রতি কিলোমিটারে ১ টাকা বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
তথ্যসূত্র: বাংলাদেশ টাইমস



