
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১১ শিশুর সবাই সন্দেহজনক হামে আক্রান্ত ছিল।
এ ছাড়া, একই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ২৮৭ শিশুর মধ্যে নিশ্চিত হামে ২২৯ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ৫৮ জন শিশু শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। আর নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৬০ শিশু।
এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৪৭৫ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১৭ হাজার ৮১ জন।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে মারা গেছে ২৫১ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ২০৯ জন এবং নিশ্চিত হামে ৪২ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



