জাতীয়
প্রধান খবর

মোবাইল রিচার্জের ১০০ টাকায় ৩৮ টাকা কর নেওয়া ঠিক নয়: রেহান আসিফ আসাদ

প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, মোবাইল ফোনে রিচার্জের ১০০ টাকার মধ্যে ৩৮ টাকা কর বাবদ কেটে নেওয়া ঠিক হচ্ছে না। টেলিকম সেবায় আরোপিত ট্যাক্স ও ভ্যাট কমাতে সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে টেলিকম পলিসি বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রেহান আসিফ আসাদ জানান, দেশের ৯০ শতাংশ মানুষকে ফাইভজি সেবার আওতায় আনতে চায় সরকার। একই সঙ্গে ন্যূনতম ১০০ এমবিপিএস গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “গ্রাহক মোবাইল সার্ভিস নিতে অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এটা আমাদের ব্যর্থতা।”

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়। এর সঙ্গে কার্যকর ভ্যাট ১৮ শতাংশ এবং সারচার্জ ১ শতাংশ রয়েছে।

এ ছাড়া সিম কর, রাজস্ব ভাগাভাগিসহ অন্যান্য কর মিলিয়ে ১০০ টাকা মোবাইল রিচার্জে সাড়ে ৫৪ টাকা পর্যন্ত সরকার নিয়ে থাকে বলে আলোচনায় উল্লেখ করা হয়।

পরবর্তীতে গত বছরের জানুয়ারিতে মোবাইল ফোনে কথা বলা ও ডাটা ব্যবহারে আরও ব্যয়ের চাপ বাড়ানো হয়। সম্পূরক শুল্ক আরও ৩ শতাংশ বাড়ানো হলে ১০০ টাকায় ৫৬ টাকার বেশি কর দিতে হচ্ছে গ্রাহকদের।

সেমিনারে বক্তারা বলেন, উচ্চ করের কারণে টেলিকম খাতের প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং গ্রাহকরাও কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button