
সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধাসংক্রান্ত ধারা বিলুপ্ত করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে।
রোববার জাতীয় সংসদে ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩ সংশোধন’ বিল পাস হয়।
সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বিলটির ওপর কোনো সংশোধনী প্রস্তাব ছিল না। ফলে কোনো আলোচনা ছাড়াই বিলটি কণ্ঠভোটে পাস হয়।
এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে আইনটির সংশোধনী অনুমোদন করা হয়।
বিল পাসের মাধ্যমে বিদ্যমান আইনের ৩সি ধারা বিলুপ্ত করা হয়েছে।
এ ধারায় বলা ছিল, একজন সংসদ সদস্য তাঁর পুরো মেয়াদকালে শুল্কমুক্তভাবে, উন্নয়ন সারচার্জ ও আমদানি পারমিট ফি ছাড়া সরকার কর্তৃক নির্ধারিত বিবরণ ও শর্ত অনুযায়ী একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করার অধিকারী হবেন।
এ ছাড়া সর্বশেষ আমদানির তারিখ থেকে পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর আরেকটি নতুন গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করার সুযোগও ছিল।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সরকারি দল ও বিরোধী দল শুল্কমুক্ত গাড়ি নেবে না বলে জানিয়েছিল।
ভোটের পর ক্ষমতাসীন বিএনপির প্রথম সংসদীয় দলের বৈঠকে এ সুবিধা গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে বিরোধী দলও নির্বাচনের আগে শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার পাশাপাশি সরকারি প্লটও নেবে না বলে ঘোষণা দিয়েছিল।
তথ্যসূত্র: আজকের পত্রিকা



