
সংবিধান সংশোধন সংক্রান্ত ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত ১৭ সদস্যের কমিটির মধ্যে ১২ জন ট্রেজারি বেঞ্চ থেকে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫ জন অন্য দল ও স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে রাখা হবে। এছাড়া বিরোধীদল থেকে ৫ জনের নাম চাওয়া হয়েছে।
এ বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তারা সংস্কার চেয়েছেন, কিন্তু এখানে হচ্ছে সংশোধন। বিষয়টি নিয়ে তাদের আলোচনার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি।
জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সরকার জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের পথে হাঁটতে চায়। প্রয়োজন হলে পরবর্তী অধিবেশন পর্যন্তও অপেক্ষা করা যাবে।
তথ্যসূত্র: যমুনা টিভি



