জাতীয়
প্রধান খবর

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন: আগের শার্ট বহাল থাকবে, প্যান্ট হবে খাকি

পুলিশের ইউনিফর্মে আনা হচ্ছে পরিবর্তন। শার্টের রং আগের মতোই থাকলেও প্যান্ট খাকি রঙের করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’র সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মহানগর ও জেলা পুলিশের শার্টের রং আগের মতোই থাকবে-হালকা জলপাই বা লাইট অলিভ। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্যান্ট খাকি রঙের করা হবে। অন্যদিকে জেলা পুলিশসহ অন্যান্য ইউনিটে গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরা হবে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে এই নতুন ইউনিফর্ম কার্যকর করা হবে।

সভায় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠন করে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে সময় লাগলেও অগ্রগতি হচ্ছে। সরকার সঠিক পথেই এগোচ্ছে।”

বৈঠকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থানরত বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের নিরাপত্তা, শৃঙ্খলা ও মাদক চোরাচালান রোধে সমন্বিত পরিকল্পনা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। যৌথ বাহিনীর কার্যক্রম নিয়েও আলোচনা হলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

পুলিশ প্রশাসনে সাম্প্রতিক বদলি ও বাধ্যতামূলক অবসর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এগুলো কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। নিয়োগ, পদোন্নতি ও শৃঙ্খলামূলক ব্যবস্থাও আইন অনুযায়ীই পরিচালিত হচ্ছে।

গত ১ মে থেকে সারা দেশে মাদকবিরোধী বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এবার বড় মাদক চোরাচালানকারী ও সরবরাহকারীদের ধরার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদের প্রথম অধিবেশন প্রাণবন্ত ও কার্যকর হয়েছে। সরকার ও বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button