দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ১১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছিল।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, হাম শনাক্ত হয়ে ঢাকায় একজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গে বরিশালে একজন, ঢাকায় পাঁচজন, খুলনায় একজন, ময়মনসিংহে একজন, রাজশাহীতে দুজন এবং সিলেটে একজন শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
এর আগে গত ৪ মে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ২৭৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৫৭ শিশু।
এ ছাড়া চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৪৫ হাজার ৪৯৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৩১ হাজার ৯১২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসা শেষে ২৮ হাজার ২৩৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশে মোট ৬ হাজার ২০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
তথ্যসূত্র: প্রথম আলো



