জাতীয়
প্রধান খবর

দেশে বাড়ছেই হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

দেশে ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে হাম। টিকাদান কর্মসূচি শুরুর পরও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না রোগটি। প্রতিদিনই প্রাণ যাচ্ছে শিশুদের, খালি হচ্ছে মায়ের কোল। সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর-এর নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৪৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি শিশু মারা গেছে সিলেটে। এ সময়ে সেখানে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা বিভাগে ২ শিশু এবং খুলনা বিভাগ ও বরিশাল বিভাগে ১ জন করে শিশুর মৃত্যুর ঘটনা রেকর্ড হয়েছে।

এর আগের দিন দেশব্যাপী হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১২ শিশুর। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই মারা যায় ৬ শিশু।

এছাড়া গত ৪ মে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়, যা চলমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৩৬ শিশুর প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৫৬ শিশুর শরীরে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ২৮২ জনের শরীরে। একই সময়ে ১ হাজার ২১২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে মোট ৪৬ হাজার ৭১০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৯০ জনের।

এদিকে, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩২ হাজার ৮৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ হাজার ১৫২ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button