
ভূমি উন্নয়ন কর সংক্রান্ত আপত্তিসমূহ সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সরকার। এ বিষয়ে সম্প্রতি ভূমি মন্ত্রণালয় দেশের সব সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডদের কাছে চিঠি পাঠিয়েছে।
চিঠিতে ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম জোরদার ও সেবার গতি বাড়াতে হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভূমি উন্নয়ন করের কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে দেওয়া নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-
১. ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে অনধিক ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পন্ন করতে হবে।
২. আবেদন অনুমোদনযোগ্য না হলে উপযুক্ত কারণ উল্লেখ করে তা বাতিল করতে হবে, যাতে নাগরিকরা বাতিলের কারণ জানতে পারেন।
৩. সহকারী কমিশনারের (ভূমি) কাছে ভূমি উন্নয়ন করের পরিমাণ, বকেয়া সাল বা জমির ব্যবহারভিত্তিক শ্রেণি বিষয়ে কোনো আপত্তি দায়ের হলে তা সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
চিঠিতে ভূমি রাজস্ব আদায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বসহকারে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে এবং নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: জাগো নিউজ ২৪



