জাতীয়
প্রধান খবর

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এই ছুটি দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে কার্যকর হবে।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঈদের ছুটির আগে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে।

তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।

একই সঙ্গে হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ঈদ উপলক্ষে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম নিয়ে নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।

অন্যদিকে বেসরকারি শিল্প-প্রতিষ্ঠান ও কল-কারখানার সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button