
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২ জন এবং ঢাকা বিভাগে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে।
এতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর চাপও অব্যাহত রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম ও সচেতনতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে।
