
দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শুক্রবার (২২ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্তদের বেশিরভাগই শিশু এবং অনেকের শরীরে জ্বর, ফুসকুড়ি, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যাচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তারা অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, হাসপাতালগুলোতে হাম আক্রান্ত শিশুদের চাপ বাড়তে থাকায় চিকিৎসা ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪
