জাতীয়
প্রধান খবর

হামের রোগী ও জরুরি সেবার ডাক্তার-নার্সদের ঈদে ছুটি নেই: স্বাস্থ্যমন্ত্রী

হামের রোগী ও জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক এবং নার্সদের ঈদের ছুটি থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি আছে, সেখানে ঈদের ছুটিতে চিকিৎসকরা দায়িত্বে থাকবেন কি না- এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন,
“থাকবেন ইনশাআল্লাহ। আমরা অলরেডি সার্কুলার দিয়েছি। ধন্যবাদ আপনাকে এটা বলাতে, এটাও আপনারা আশ্বস্ত হতে পারেন, আমরা সতর্ক করছি। হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবাতে কোনো ডাক্তারের, নার্সের ছুটি হবে না। থাকতে হবে।”

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভ্যাকসিন নিলেই যে শতভাগ নিশ্চয়তা থাকবে কোনো শিশু হাম আক্রান্ত হবে না, এমনটি বলা যায় না।

তিনি বলেন,
“স্মল পক্স পুরোপুরি নির্মূল হয়েছে, কলেরা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এখনও কলেরা হয়। শরীরের প্রতিরোধক্ষমতা কমে গেলে রোগ হতে পারে। হামের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।”

মন্ত্রী আরও বলেন, ভাইরাসের সংক্রমণ বেশি ছড়িয়ে পড়লে বিশেষ ক্ষেত্রে টিকা নেওয়া ব্যক্তিরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

ঈদের সময় অভিভাবকদের প্রতি সতর্কবার্তা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্ত শিশুদের যেন আত্মীয়স্বজনের বাড়িতে না নেওয়া হয় এবং বেশি ভিড় রয়েছে- এমন জায়গা থেকেও দূরে রাখা হয়।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button