
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৫৫৫ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে এবং একজন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
এ পর্যন্ত মোট ৪৬৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সর্বশেষ মারা যাওয়া ১০ শিশুর মধ্যে ঢাকা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে একজন করে রয়েছে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৮৩ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ জন শিশু।
ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৬৬ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৩ জন, বরিশালে ১৫৭ জন এবং রাজশাহীতে ৭৩ জন শিশু ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১৮১ জন শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর গত ৭২ দিনে দেশে মোট ৬৬ হাজার ২৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের শরীরে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৮ হাজার ৮০০ জন।
তথ্যসূত্র: চ্যানেল ২৪
