
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৮ জনে।
এদিকে, গত একদিনে নতুন করে ৪৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭৪৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে গত ২৪ ঘণ্টায় মোট ৭৮৯ জন নতুন আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগী শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে মোট ৯৮ হাজার ২৬৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষায় ১১ হাজার ৫৯৪ জনের হাম শনাক্ত হয়েছে।
এছাড়া, এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮১ হাজার ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৭৮ হাজার ২৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।