জাতীয়
প্রধান খবর

সংবিধান সংশোধনে সংসদের বিশেষ কমিটি গঠন, বিরোধীদের ওয়াকআউট

সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটিতে যোগ না দিয়ে প্রতিবাদস্বরূপ সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়।

সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলকে কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সদস্যদের নাম চাওয়া হলেও তারা এতে যোগ দেয়নি। বরং কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করে।

এ বিষয়ে বিরোধী দলীয় সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকার সংবিধান সংশোধন কমিটিতে থাকার প্রস্তাব দিয়েছিল। তবে ওই কমিটির প্রতি নৈতিক সমর্থন না থাকায় তারা ওয়াকআউট করেছেন।

বিরোধী দলের দাবি, সংবিধান সংশোধন কমিটি নয়, সংবিধান সংস্কার কমিশন গঠন করা উচিত। এ বিষয়টি নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য রয়েছে।

বিশেষ কমিটির সদস্যরা

গঠিত কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। সদস্য হিসেবে রয়েছেন-

  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
  • ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন
  • সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন
  • বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক রুবেল
  • গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি
  • বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ
  • গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ

এ ছাড়া, বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির জন্য কমিটিতে পাঁচটি সদস্যপদ খালি রাখা হয়েছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button