
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গে ৩ শিশুর এবং ঢাকা বিভাগে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬৮৯ জন এবং হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ জন।
এদিকে, গত একদিনে নতুন করে ৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৬৯৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৭১০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১৪ হাজার ৩১৮ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৯ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৫ হাজার ৫৩৯ জন।
তথ্যসূত্র: চ্যানেল ২৪